শুরু হলো তৃতীয় বাংলাদেশ রোবট অলিম্পিয়াড

৮ অক্টোবর, ২০২০ ১৫:৫৪  
বছরান্তে দ্বিগুণ অংশগ্রহণকারী বৃদ্ধি ও ৬২টি জেলার প্রতিযোগীদের অংশগ্রহণের মধ্য দিয়ে ভার্চুয়াল মাধ্যমে শুরু হলো তৃতীয় বাংলাদেশ রোবট অলিম্পিয়াড। বৃহস্পতিবার দুপুরে অনলাইনে সংযুক্ত হয়ে অলিম্পিয়াডের উদ্বোধন করেন ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.মো.আখতারুজ্জামান। এসময় তথ্যপ্রযুক্তি পারস্পরিক সহযোগিতার সম্মিলন ঘটিয়ে দেশ নতুন গন্তব্যে যাচ্ছে উল্লেখ করে ধর্ষকদের প্রতিরোধে রোবট ব্যবহারের আহ্বান জানান ঢাবি উপাচার্য। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক। স্বাগত বক্তব্যে রোবটের ব্যবহারিক ও অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরে দেশে রোবট নির্মাণ শুরুর বিষয়ে গুরুত্বারোপ করেন বিসিসি’র প্রশিক্ষণ ও উন্নয়ন পরিচালক মোহাম্মদ এনামুল কবির। রোবট অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক লাফিফা জামালের সঞ্চালনায় কোভিড বাধায় অনলাইন অনুষ্ঠানের উচ্ছ্বাস প্রকাশ করতে না পরায় ‘দুধের স্বাদ আলকাতারা’র মাধ্যমে মেটাতে হচ্ছে বলে আক্ষেপ প্রকাশ করেন অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। অনুষ্ঠানে আরো সংযুক্ত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. শামীম আহমেদ দেওয়ান, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান । সভাপতিত্ব করেন অলিম্পিয়াড বাস্তবায়ন সহযোগী বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় এবার অংশ নিচ্ছে ৭৩১ জন। অনুষ্ঠানে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দলের ধারাবাহিক সাফল্যের ভিডিও চিত্র তুলে ধরা হয়।